রিয়াল মাদ্রিদের টানা তিন ড্র-এর সুযোগ কাজে লাগিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে থেকেও ৩–১ গোলের জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ জয়ের ধারায় থাকা অ্যাটলেটিকো শেষবার লিগে হেরেছিল ১৭ আগস্ট। তবে দুর্দান্ত ফর্মে থাকা মাদ্রিদের দলকে থামিয়ে দিল বার্সা।
১৯ মিনিটে নাহুয়েল মলিনার থ্রু বলে বার্সার অফসাইড ফাঁদ এড়িয়ে অ্যালেক্স বায়েনা গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে নেন। তবে মাত্র সাত মিনিট পরই রাফিনহা গোল করে বার্সাকে সমতায় ফেরান। পেদ্রির নিখুঁত পাস থেকে জ্যান ওবলাককে কাটিয়ে তিনি বল জালে জড়ান।
প্রথমার্ধে লিড নেওয়ার সুযোগ ছিল বার্সার। পাবলো বারিওসের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে রবার্ট লেভানডোভস্কির প্রচেষ্টা বার হয়। তার একটি হেডও দারুণভাবে ঠেকান ওবলাক।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লেভানডোভস্কির অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের নিচু শটে ওবলাককে পরাস্ত করেন দানি ওলমো। তবে গোল করার কিছুক্ষণ পরই কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
ওলমোর সঙ্গে লেভানডোভস্কিও বদলি হন। তাদের জায়গায় মাঠে নামেন ফেরান তোরেস ও মার্কাস র্যাশফোর্ড। মাঠে নামার পরই প্রভাব রাখেন তোরেস। বালদের নিচু ক্রস থেকে কাছাকাছি দূরত্ব থেকে গোল করে ব্যবধান ৩–১ করেন তিনি।
এই জয়ে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। রিয়াল নিজেদের পরের ম্যাচ জিতলেও বার্সার পেছনেই থাকবে।