ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে নতুন একটি রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবির প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই শুরু হবে এই ছবির শুটিং, যেখানে তার বিপরীতে থাকছেন তরুণ অভিনেতা আদর আজাদ। নতুন কাজের আগমূহূর্তে সম্প্রতি তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে— যেখানে উঠে এসেছে ক্যারিয়ার, সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক ও ব্যক্তিজীবন প্রসঙ্গ।
সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠলে অপু বিশ্বাস স্পষ্ট করে জানান, তিনি পেশাগত পরিসরে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চান না। তিনি বলেন, “এমন কোনো কথা আমি বলতে চাই না, যেটা দিয়ে বারবার আমাকে বিতর্কের মুখে পড়তে হয়। আমার মনে হয়, এমন কোনো প্রশ্ন বা টপিক মিডিয়াতে আলোচনায় আনা উচিত নয়, যা আমাকে আবারও প্রশ্নবিদ্ধ করে তোলে।”
নিজের সৌন্দর্য বজায় রাখার রহস্য জানতে চাইলে তিনি হাসিমুখে বলেন, “আমার মনে হয় মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি আমার দর্শক, ভক্ত, আর প্রিয়জনদের ভালোবাসাতেই সুন্দর হয়ে উঠেছি।”
এ সময় একজন সাংবাদিক তার ছেলে জয় ও শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে অপু বিশ্বাস পাল্টা হাস্যরসে জবাব দেন, “আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক আসলে প্রশ্নের বিষয় হয় নাকি?”
পরে ব্যক্তিজীবন নিয়ে নিজের অবস্থান আরও পরিষ্কার করে নায়িকা জানান, তার প্রাক্তন সহকর্মী ও সন্তানের বাবা শাকিব খান তাকে পরামর্শ দিয়েছেন পেশার জায়গায় ব্যক্তিগত প্রসঙ্গ না তোলার জন্য।
তিনি বলেন, “উনি (শাকিব খান) আমাকে বলেছেন— ক্যামেরার সামনে তুমি শুধু অভিনেত্রী অপু বিশ্বাস, তোমার ব্যক্তিজীবন নয়, তোমার কাজটাই উপস্থাপন করো। আমি এখন সেই দৃষ্টিভঙ্গিই অনুসরণ করছি।”