Home অপরাধকেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার মামলায় স্বামী রুবেলের মৃত্যুদণ্ড

কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার মামলায় স্বামী রুবেলের মৃত্যুদণ্ড

by The Desh Bangla
০ comments

ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের টাকার দাবিতে স্ত্রী রিয়া আক্তারকে হত্যার ঘটনায় করা মামলায় স্বামী মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রাশেদুল ইসলাম জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি রুবেলকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে এই অর্থ ভিকটিমের পরিবারকে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার আগে রুবেলকে আদালতে হাজির করা হয় এবং রায় পরবর্তী তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালে রুবেল ও রিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুবেল ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে রিয়াকে মারধর ও নির্যাতন করতেন। ২০২১ সালের ১৮ নভেম্বর স্ত্রী ও সন্তানকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাঁও এলাকায় শ্বশুরবাড়িতে যান রুবেল। সেদিন বিকেল ৪টা থেকে রাত ৯টার মধ্যে যৌতুক না পেয়ে তিনি রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় পরদিন রিয়ার বাবা মোতালেব হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা দায়েরের পর রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জুলফিকার আলী সরকার ২০২২ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২৩ সালের ২৬ জানুয়ারি অভিযোগ গঠন হলে বিচার শুরু হয়। দীর্ঘ শুনানিতে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

You may also like

Leave a Comment