Home অপরাধশাজাহানপুরে গৃহবধূ ও দুই শিশুর লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

শাজাহানপুরে গৃহবধূ ও দুই শিশুর লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

by Akash
০ comments

বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি মণ্ডলপাড়া গ্রামের একটি শয়নকক্ষ থেকে সাদিয়া মোস্তারী (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ এবং তার দুই শিশু সন্তান—সাহিফা (৪) ও সাইদ (৮ মাস)—এর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও সেনাসদস্য শাহাদত হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ছয় বছর আগে সেনাসদস্য শাহাদত হোসেন ও সাদিয়া মোস্তারীর বিয়ে হয়। শাহাদত ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত। সাদিয়া দুই সন্তানকে নিয়ে স্বামীর পরিবারে খলিশাকান্দি মণ্ডলপাড়ায় থাকতেন। গত বৃহস্পতিবার তিনি সাত দিনের ছুটিতে বাড়ি ফেরেন।

মঙ্গলবার সকালে সাদিয়া রান্না করছিলেন এবং শাহাদত একটি কক্ষে বিশ্রামে ছিলেন। কিছু সময় পর তিনি দেখেন পাশের কক্ষটি ভেতর থেকে বন্ধ। দরজা না খুললে শাবল দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেন।
সেখানে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত সাদিয়ার লাশ এবং বিছানায় দুই শিশুর গলাকাটা দেহ পড়ে থাকতে দেখা যায়।

শাহাদতের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিনটি লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান—প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ সাদিয়া প্রথমে দুই সন্তানকে ধারালো বটি দিয়ে হত্যা করেন এবং পরে নিজে গলায় ফাঁস নেন।

তবে ময়নাতদন্ত ও পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

ঘটনার রহস্য উদ্‌ঘাটনে নিহতের স্বামী সেনাসদস্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।

You may also like

Leave a Comment