ঝিনাইদহের সদর উপজেলার বাকড়ি গ্রামে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২১ নভেম্বর) রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় শুক্রবার রাতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে শনিবার সকালে শাহিন উদ্দিন তার লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করেন। এসময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।