রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩টি রাইফেল, ১টি দেশীয় পিস্তল এবং ৫ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে, আনুমানিক রাত ৩টার দিকে, সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ দিয়াবাড়ি ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।
দিয়াবাড়ী সেনা ক্যাম্প সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৩টি .303 রাইফেল, ১টি দেশীয় পিস্তল এবং ৫ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করা হয়। সেনা সদস্যদের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতার পরিকল্পনায় এসব অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করা হচ্ছিল।
অবৈধ অস্ত্রের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। তারা আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।