সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে যথাযথভাবে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী—এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সেনাপ্রধান বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সেনাসদস্যদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও আন্তরিকতা বাংলাদেশের জন্য অনন্য ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জন সেনাসদস্যকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করেই দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।