বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদীয় কর্মকাণ্ড এবং জনজীবনের ক্রমবর্ধমান সংকট নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সংসদ সদস্য ও রাজনৈতিক দলগুলোর ভূমিকার কড়া সমালোচনা করেন।
পোস্টে মাহফুজ আলম বলেন, গত দুই সপ্তাহ ধরে আলোচিত সংস্কার ও বিচারের বিষয়গুলো এখন আড়ালে চলে গেছে। তার অভিযোগ, রাষ্ট্র সংস্কার বা ইনসাফ প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ ইস্যু উপেক্ষিত হয়ে এখন রাজনৈতিক অঙ্গনে প্রাধান্য পাচ্ছে ভাগ-বাটোয়ারার রাজনীতি।
তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি সংকটে কৃষকের ক্ষতি, টানা লোডশেডিংয়ে জনভোগান্তি, হামের প্রকোপে শিশু মৃত্যুর ঘটনা, অর্থনৈতিক চাপ এবং নাগরিক নিরাপত্তাহীনতার মতো জরুরি বিষয়গুলো আলোচনার বাইরে চলে যাচ্ছে।
সংসদের ভেতর ও বাইরের রাজনৈতিক কর্মকাণ্ডকে ‘বাটোয়ারার রাজনীতি’ হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, দিনের বেলায় এক পক্ষের ওপর সহিংসতা এবং রাতে অন্য পক্ষের কার্যক্রমের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে কি না।
এছাড়া সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের প্রভাব নিয়েও সমালোচনা করেন মাহফুজ আলম। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এমপিদের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া এবং তাদের জন্য নতুন গাড়ি ও বিলাসবহুল সুবিধা নিশ্চিত করার বিষয়টিকেও তিনি প্রশ্নবিদ্ধ করেন।
