ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংস্কার বাস্তবায়নে আলোচনা না হওয়ায় পরিস্থিতি অব্যাহত থাকলে আন্দোলনই একমাত্র পথ হয়ে দাঁড়াবে।
রোববার (৩ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক জাতীয় কনভেনশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংসদের প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও সরকার তা উপেক্ষা করে নিজস্বভাবে কার্যক্রম পরিচালনা করেছে। এতে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ নষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, সংবিধান সংশোধনসহ রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য আনতে উচ্চকক্ষ, গণভোটের ব্যবস্থা, বিচার বিভাগের পৃথকীকরণ এবং তত্ত্বাবধায়ক সরকারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা প্রয়োজন ছিল।
নাহিদ আরও বলেন, সংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণমুক্ত রাখা এবং নিয়োগ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব কমানো জরুরি। তা না হলে গণতান্ত্রিক কাঠামো টেকসই হবে না।
তিনি দাবি করেন, সংসদে অনেক বিষয়ে বিরোধিতা ও ভিন্নমত থাকলেও সেগুলো উপেক্ষা করে সিদ্ধান্ত পাস করা হচ্ছে। এতে গণতন্ত্রের চর্চা বাধাগ্রস্ত হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতা অব্যাহত থাকলে রাজপথে নামা ছাড়া বিকল্প থাকবে না, যদিও তারা তা চান না।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে সংস্কার, জ্বালানি সংকট, অর্থনীতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
