Home সারাদেশরোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা ইউনূসের

রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা ইউনূসের

by The Desh Bangla
০ comments

রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান তাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন—এ কথা আবারও মনে করিয়ে দিয়ে সাত দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, অর্থায়ন দিন দিন কমে আসছে, তাই প্রত্যাবাসন শুরু করা ছাড়া বিকল্প নেই।

ইউনূস বলেন, আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশার সমাধান হয়নি। সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই সমাধানও সেখানেই নিহিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করে প্রত্যাবাসন শুরু করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে দীর্ঘদিন আশ্রয় দিতে গিয়ে সামাজিক, পরিবেশগত ও আর্থিকভাবে দেশ যে বিপুল চাপ সহ্য করছে, সেটি তুলে ধরে ইউনূস বলেন, রোহিঙ্গাদের মাধ্যমে মাদক পাচারসহ নানা অপরাধ বাংলাদেশের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলছে।

তিনি স্পষ্ট করে বলেন, উন্নয়ন চ্যালেঞ্জ—যেমন দারিদ্র্য ও বেকারত্ব—বিবেচনায় বাংলাদেশে রোহিঙ্গাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া সম্ভব নয়।

প্রধান উপদেষ্টা সাত দফা প্রস্তাবনায় উল্লেখ করেন—
১. রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে প্রত্যাবাসনের বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন।
২. মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করে সহিংসতা বন্ধ ও টেকসই প্রত্যাবাসন শুরু।
৩. রাখাইনে আন্তর্জাতিক সহায়তা ও বেসামরিক উপস্থিতি নিশ্চিত করে পর্যবেক্ষণ।
৪. রোহিঙ্গাদের রাখাইনের সমাজ ও শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্তির পদক্ষেপ।
৫. যৌথ পরিকল্পনায় অর্থদাতাদের পূর্ণ সহায়তা।
৬. জবাবদিহি ও পুনর্বাসনমূলক ন্যায়বিচার নিশ্চিতকরণ।
৭. মাদক অর্থনীতি ভেঙে দেওয়া ও আন্তঃসীমান্ত অপরাধ দমন।

ইউনূস বলেন, “রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফেরার জন্য আর বিশ্ব অপেক্ষা করতে পারে না। আজই সংকট সমাধানে একযোগে কাজের অঙ্গীকার করতে হবে। বাংলাদেশ সে লক্ষ্যে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।”

You may also like

Leave a Comment