রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার অভিজিৎ মন্ডল (২৭) এবং রায়হান আউয়াল (২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া (ঘোষপাড়া) ও আলুপট্টি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করত। এরপর অভিনব প্রযুক্তি ব্যবহার করে জাল সনদ তৈরি করে গ্রাহকদের কাছে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
