রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় র্যাব লেখা একটি কটি, পিস্তল ও গুলি, ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গত রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ব্যস্ত বিমানবন্দর সড়কে ঘটে ওই ছিনতাইয়ের ঘটনা। তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় অস্ত্রধারী যুবক অস্ত্রের মুখে ডিএল ফিলিং স্টেশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে মোটরসাইকেলেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
ঘটনার পর ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি।
আজ শনিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ও পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।
তবে এ ঘটনায় মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
