Home বিনোদনপ্রসেনজিৎ-দেবশ্রী জুটির প্রত্যাবর্তন, সঙ্গী ঋতুপর্ণা

প্রসেনজিৎ-দেবশ্রী জুটির প্রত্যাবর্তন, সঙ্গী ঋতুপর্ণা

by Akash
০ comments

ভারতীয় বাংলা সিনেমার একসময়ের সুপারহিট ও রোমান্টিক জুটি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেবশ্রী রায়-এর পর্দায় প্রত্যাবর্তন নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিলেন স্বয়ং প্রসেনজিৎ। ব্যক্তিগত জীবনে ভেঙে যাওয়া সংসার এবং রুপালি পর্দার এই জনপ্রিয় জুটিকে আর একসঙ্গে দেখা না গেলেও, পুরনো তিক্ততা ভুলে তারা ফের একসঙ্গে কাজ করতে চলেছেন বলে জানা গেছে।

একসময় ভালোবেসে বিয়ে করার পর কয়েক বছরের মাথায় প্রসেনজিৎ-দেবশ্রীর দাম্পত্য জীবন ভেঙে যায়। এরপর দুজনের পথ আলাদা হয়ে যায় এবং সিনেমায়ও তাদের জুটি বন্ধ হয়ে যায়। তবে কয়েক মাস আগে প্রসেনজিৎ নিজেই দূরত্ব কমিয়ে দেবশ্রীর সঙ্গে সিনেমা করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন।

টলিপাড়ার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি আনন্দের খবর দিয়ে বলেছেন, “খুব শিগগির কিছু ঘটতে চলেছে।” তিনি জানান, তাদের অতি পরিচিত দুই পরিচালক শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় তাঁদের নিয়ে অর্থাৎ “আমাকে, দেবশ্রী রায় এবং ঋতুকে নিয়ে ‘প্রাক্তন টু’ করতে চান।” তবে এই সিনেমা সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য তিনি এখনই প্রকাশ করেননি।

এর আগে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ‘আমি যখন হেমা মালিনী’ সিনেমার প্রচারে প্রসেনজিৎ-দেবশ্রী জুটির ফিরে আসার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। চিরঞ্জিতের এই বক্তব্য প্রসেনজিৎকে জানানো হলে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া দেন।

প্রসেনজিৎ তখন বলেছিলেন: “আমি তো চাই দীপকদা (চিরঞ্জিত চক্রবর্তী) একটা স্ক্রিপ্ট লিখুক আমাদের জন্য… আমি নিজেও ব্যক্তিগতভাবে দেবশ্রীর সঙ্গে আবারো একটা পরিপক্ব প্রেমের সিনেমা করতে চাই।”

তবে কি পুরোনো তিক্ততা ভুলে গেছেন প্রসেনজিৎ? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কারো সঙ্গে কোনো তিক্ততা নেই। যে আমার সঙ্গে হাসিমুখে কথা বলবে, আমি সব সময় তাদের জন্য আছি। আর কোনো তিক্ততা নিয়ে বাঁচতে চাই না, যে কটা দিন আছি সবার সঙ্গে ভালো সম্পর্ক নিয়েই থাকতে চাই।”

অতীতকে উপেক্ষা না করে তাকে আঁকড়ে বেঁচে থাকার প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, “নিজের অতীতকে কখনো উপেক্ষা করা যায় না। মাঝেমাঝেই আমি আমার অতীতে ফিরে যাই; সেই সময়গুলোর জন্যই আজকের আমি। অতীত আমাকে অনেক ভালোবাসা, রাগ-দুঃখ-ক্ষোভ দিয়েছে… তবে অতীত যেমনই হোক না কেন, তাকে কখনো ফেলে দেওয়া যায় না।”

উল্লেখ্য, দেবশ্রী ও প্রসেনজিৎ একে অপরকে ছোটবেলা থেকেই চিনতেন। ১৯৯২ সালে তারা বিয়ে করেন এবং ১৯৯৫ সালে তাদের সংসার ভেঙে যায়। প্রসেনজিৎ এরপর অপর্ণা গুহ ঠাকুরতা (১৯৯৭) এবং বর্তমানে অর্পিতাকে বিয়ে করে সুখের সংসার করছেন।

You may also like

Leave a Comment