বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ঢাকা-১৫ সংসদীয় আসনে দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারো সাথে আপোষ করবে না। বরং দেশ ও জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
গত ৭ নভেম্বর রাত ৮টায় মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে ঢাকা-১৫ সংসদীয় আসনে ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠীর আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কেবল প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করে না, বরং কথা ও কাজের মধ্যে মিল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নির্বাচনের আগে ‘আমেরিকা-কানাডা বানানোর’ স্বপ্ন দেখানো দলগুলোর সমালোচনা করে বলেন, বিগত ৫৪ বছরে দেশের মানুষ বহু ধোঁকা খেয়েছে। তিনি ভোটারদের আহ্বান জানান, শুধু কথামালার ফুলঝুড়িতে বিভ্রান্ত না হয়ে অতীত-বর্তমানের আমলনামা দেখে বাস্তবতা উপলব্ধি করতে হবে এবং এসব ধোঁকাবাজকে ‘না’ বলতে হবে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পররাষ্ট্রনীতির বিষয়ে আমীরে জামায়াত বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং তা কারো নির্দেশনা অনুযায়ী চলবে না। তিনি বলেন, “কাউকে দাদা বা বড় ভাই আমরা মানবো না।” জামায়াতের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হবে কারো সাথে বৈরিতা নয়, বরং সকলের সাথে বন্ধুত্ব ও সমতার ভিত্তিতে আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে পথ চলা। তিনি দৃঢ়তার সাথে বলেন, তাঁরা কারো কাছে নতজানু হবেন না বা কারো রক্তচক্ষুকে পরোয়া করবেন না।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিলে নতুন প্রজন্ম ও যুব সমাজকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে তাদের সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। তিনি এমন এক প্রত্যয়ী যুব সমাজ গড়ে তুলতে চান যারা স্বতঃপ্রণোদিতভাবে নিজেরাই সরকারকে সহযোগিতা করবে।
তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, আল্লাহ জামায়াতকে সরকার গঠনের সুযোগ দিলে নৈতিক ও উন্নত জাগতিক শিক্ষার প্রচলন, সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সভ্য ও উন্নত দেশগুলোর সাথে শ্রদ্ধা ও সম্প্রীতির সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। তিনি অতীতের ‘কামড়াকামড়ি’ বাদ দিয়ে ইতিবাচক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।
এই শান্তি, গতিশীল ও উন্নয়নের সমাজ প্রতিষ্ঠায় তিনি আগামী নির্বাচনে সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মানুষের তৈরি আইন দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়, তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য কুরআন-সুন্নাহর আদর্শের দিকে ফিরে আসতে হবে। আদর্শ সমাজ বিনির্মাণে তিনি যুবসমাজকে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে আপোষহীন থাকার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীরে আব্দুর রহমান মূসা। মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৫ আসনের সচিব শাহ আলম তুহিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোঃ শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন এবং মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী।
(এর আগে আমীরে জামায়াত পীরেরবাগ ছাপড়া মসজিদে জুমা, বাইতুল আরাফা মসজিদে আসর এবং বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।)