নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে রাতভর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এই সহিংসতা অশান্ত এই অঞ্চলে সহিংস প্রতিশোধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
এই ঘটনাটি প্লাটো রাজ্যের দীর্ঘস্থায়ী নিরাপত্তাহীনতাকে তুলে ধরেছে, যেখানে কৃষক সম্প্রদায় ও পশুপালকদের মধ্যে উত্তেজনা প্রায়শই প্রতিশোধমূলক সহিংসতায় রূপ নেয়। এর ফলে মানুষ নিহত, বাস্তুচ্যুত ও গৃহহীন হয়।
এলাকার কাউন্সিলর লেমুন লে’আন ইলিয়া জানিয়েছেন, এই হামলায় ২৩ জন নিহত হয়েছেন এবং আরো একজন ভুক্তভোগী পরে হাসপাতালে মারা যান।
বাসিন্দা আমোস জন পরে জানিয়েছেন, আরো একজন ভুক্তভোগী মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৫ জনে দাঁড়িয়েছে। হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাসিন্দাদের হত্যা করেছে এবং নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
মওয়াঘাভুল ইয়ুথ মুভমেন্ট নামে একটি স্থানীয় গোষ্ঠী দুর্বল জনগোষ্ঠীকে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষকে অভিযুক্ত করেছে এবং এলাকার নিরাপত্তা পর্যালোচনার আহ্বান জানিয়েছে।
