Home বাংলাদেশনতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

by thedeshbangla
0 comments

প্রথমবারের মতো আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্বের পর্দা নামছে। সোমবার (২৭ জুলাই) আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠিত হবে। এদিন ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের দুটি ফাইনাল হবে।

বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এ বিভাগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল। এরপর তিনি বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করবেন। এ ছাড়া প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করবেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম স্বাগত বক্তব্য দেবেন। এরপর বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সবশেষে গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখবেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

উল্লেখ্য, গত ০২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলার প্রায় এক লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ (বয়সসীমা ১২ থেকে ১৪ বছর) আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। এরপর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় রাজধানীর ঢাকার কয়েকটি ভেন্যুতে।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিভার স্বাক্ষর রাখা ক্রীড়াবিদদের ইতোমধ্যে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় রেখে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। মূলত কোমলমতি শিশুদের মাঠমুখী করাই সরকারের লক্ষ্য বলে জানা গেছে।

You may also like

Leave a Comment