Home বাংলাদেশদেশের তিন বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

by thedeshbangla
০ comments

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা বাড়ার পাশাপাশি তিন বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৩ মার্চ) সকালে দেওয়া আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধির আভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও শ্রীমঙ্গলে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৪ মার্চ) রংপুর ও রাজশাহীর পাশাপাশি ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার (২৫ মার্চ) থেকে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকায় বর্তমানে দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আগামী কয়েক দিন তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার ফলে জনজীবনে কিছুটা অস্বস্তি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

You may also like

Leave a Comment