Home খেলাডিবি পরিচয়ে তুলে নিয়ে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা!

ডিবি পরিচয়ে তুলে নিয়ে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা!

by thedeshbangla
০ comments

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া এবং হেফাজতে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে চট্টগ্রামে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। ঘটনার প্রতিবাদে নাঈমের পরিবার ও স্থানীয় লোকজন অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে খুলশি থানায় অবস্থান নিয়েছেন।

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে বিকেএসপিতে ম্যাচ খেলেন নাঈম। ম্যাচ শেষে রাত ১০টা ২০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রামে ফেরেন তিনি। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় যাওয়ার পথে লালখান বাজার ফ্লাইওভারের নিচে তার গাড়ির গতিরোধ করা হয়।

স্থানীয় গণমাধ্যমকে নাঈম বলেন, ‘এয়ারপোর্ট থেকে সিএনজিতে করে আসছিলাম। ১১টা ২৫ এর দিকে লালখান বাজারের দিকে সিএনজি দাঁড় করায় পুলিশ। আমি বের হয়ে দাঁড়াই। বললাম ব্যাগ চেক করেন। তবে ওই পুলিশ সদস্য আমাকে বলে, তুই গাড়িতে ওঠ, তুই আসামি। এরপর গলা চিপে ধরে আমাকে সিএনজিতে উঠাইছে। আমি বের হওয়ার চেষ্টা করলে দুইজন আমাকে চেপে ধরে আরেকজন মারধর করতে থাকে পাইপ দিয়ে। দুইজন পুলিশ ও একজন পাঞ্জাবি পরা কেউ ছিল। ওখানে এক পর্যায়ে প্রায় ১০০ লোক জড়ো হয়েছিল, তারা আমার পরিচয় দিলেও ওরা (পুলিশ) মারতেই থাকে। আমি পরিচয় দিয়েছি, কোনো কাজ হয়নি।’

জাতীয় দলের এই ক্রিকেটার আরও অভিযোগ করেন, থানায় নেওয়ার পর শুরুতে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। তবে পরে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়।

ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকে বিষয়টি জানান নাঈম। তিনি বলেন, থানায় নিজের মোবাইল ফোন ফিরে পাওয়ার পর তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিসিবির পরিচালক ইসরাফিল খসরুও তার সঙ্গে কথা বলেন।

এই ঘটনায় নাঈমের বাবা মাহবুব আলম জানিয়েছেন, জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা থানা ছাড়বেন না।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

You may also like

Leave a Comment