Home রাজনীতিজুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের

by thedeshbangla
0 comments

বরিশালে আয়োজিত বিভাগীয় সমাবেশ থেকে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায়ের আলোকে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে তাদের দল গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত কর্মসূচি দিতে বাধ্য হবে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ কমানো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, বরিশাল থেকে কর্মসূচি শুরু হলেও পরবর্তীতে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ধারাবাহিকভাবে কর্মসূচি চলবে। এ সময়ের মধ্যে সরকার যদি গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে তারা গণআন্দোলন এবং প্রয়োজনে গণঅভ্যুত্থানের পথেও যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত তাদের দল কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করেনি। হরতাল বা অবরোধের মতো কর্মসূচিও দেওয়া হয়নি। তবে পরিস্থিতি সৃষ্টি হলে সেসব কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে। তার দাবি, সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিস্থিতিকে ধীরে ধীরে সেদিকেই ঠেলে দিচ্ছেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে তা করা হচ্ছে না। তার ভাষ্য, গণভোটে বিপুলসংখ্যক মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার এখনো জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা পূরণ না করে সরকার ভিন্ন বার্তা দিচ্ছে।

বক্তব্যের শেষদিকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে বলেন, জনগণ ভোট দিয়ে ক্ষমতা দিলেই ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়া বা জনগণের সাথে প্রতারণা করার সুযোগ নেই। সরকারকে দ্রুত গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

You may also like

Leave a Comment