বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। আলোচনায় বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, উন্নয়ন এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা মতবিনিময় হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতি ব্রাজিলের দৃঢ় সমর্থনের বিষয়টি রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
