Home বাংলাদেশজাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

by The Desh Bangla
০ comments

মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ—সবার উপস্থিতিতে মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই দেশের নানা প্রান্ত থেকে আসা হাজারো মানুষ জাতির বীর সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলে ফুল হাতে শ্রদ্ধা জানানোর পালা শুরু হয়।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিশুদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে নজরকাড়া—অনেকে মুখে ও হাতে জাতীয় পতাকার রঙ এঁকে, কেউবা স্মৃতিসৌধের ছবি অঙ্কন করে আনন্দে মেতে ওঠে।

শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারাও স্মৃতিসৌধে উপস্থিত হন। অনেকের কপালে লাল-সবুজের রঙে আঁকা জাতীয় পতাকা, হাতে উড়তে দেখা যায় পতাকা; পোশাকেও ছিল লাল-সবুজের বৈচিত্র্য।

এদিন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার-ফেস্টুন নিয়ে শহীদ বেদীতে ফুল অর্পণ করে। সবার কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার, পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে কেবল একটি দিন নয়; এটি বিজয়, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে এবং অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয় দিবস প্রতিটি প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ ও দায়বদ্ধতার অনন্ত বার্তা স্মরণ করিয়ে দেয়।

You may also like

Leave a Comment