খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই এলাকার শাজাহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থান করছিলেন ইসমাইল। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দূর থেকে গুলি চালায়। গুলি মাথায় বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে পুরো টুটপাড়া খালপাড় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়েও কোপায়। নিহত ইসমাইলের বিরুদ্ধে মাদক ও হত্যাসহ একাধিক অপরাধের মামলা রয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের আসল কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম জোর অভিযান শুরু করেছে।
