Home বাংলাদেশএমন সংকটাপন্ন অবস্থায় আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয়: তারেক রহমান

এমন সংকটাপন্ন অবস্থায় আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয়: তারেক রহমান

by Akash
০ comments

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে ভর্তি থাকায় সারাদেশে চলছে তার রোগমুক্তির জন্য দোয়া। প্রধান উপদেষ্টাও তার দ্রুত আরোগ্য কামনা করে সর্বাত্মক চিকিৎসা–সহায়তার আশ্বাস দিয়েছেন।

এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে তিনি শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

পোস্টে তারেক রহমান লিখেছেন— “এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত বা একক নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টি স্পর্শকাতর এবং বিস্তারিত ব্যাখ্যার সুযোগও সীমিত। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলেই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী।”

তিনি আরও জানান, তার মায়ের চিকিৎসায় দেশ-বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের নিদর্শন দেখিয়ে যাচ্ছেন। পাশাপাশি বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

খালেদা জিয়ার জন্য দেশব্যাপী দোয়া ও শুভকামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন— “সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শনের জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই। তার আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।”

খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থাকে চিকিৎসকরা অত্যন্ত সংকটাপন্ন হিসেবে বর্ণনা করেছেন।

You may also like

Leave a Comment