গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়।
এর আগে সকাল ১১টা ২২ মিনিটে হাদিকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফস্ট্রিম জি-১০০ মডেলের একটি প্রাইভেট জেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্ধারিত সময়েই এয়ার অ্যাম্বুলেন্সটি শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে।
বিমানবন্দর সূত্র জানায়, দুপুরের মধ্যেই বিমানটি ঢাকা ছাড়বে এবং এ সময় হাদির সঙ্গে তার দুই ভাই থাকবেন।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন। ওই বৈঠকেই হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
