অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আসছেন দেশটির স্পিকার মিল্টন ডিক। সফরকালে প্রতিনিধিদলটি জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ, সংসদ ভবন পরিদর্শন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখবেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে প্রতিনিধিদলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরে অস্ট্রেলীয় প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া তারা সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করবেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর অস্ট্রেলিয়ার স্পিকারের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে।
বৈঠকে হাই কমিশনার সুসান রাইল বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি (LNG) সরবরাহের সম্ভাবনার বিষয়টি উত্থাপন করেন। এছাড়া কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও দুই দেশের প্রতিনিধিরা আলাপ করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আলোচনায় বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
