Home বাংলাদেশ১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের কাজ শুরু: প্রধানমন্ত্রী

১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের কাজ শুরু: প্রধানমন্ত্রী

by thedeshbangla
0 comments

সরকার গঠনের এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পে হাত দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

রোববার (৯ আগস্ট) বাঁশখালীর বাহারছড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, সরকার গঠনের এক মাসের মধ্যে আমরা ফ্যামিলি কার্ড পাইলট প্রজেক্টে হাত দিয়েছি। পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়েছে। ইনশাআল্লাহ, আমরা ১৬ তারিখ থেকে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আমরা এই ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব।

তিনি বলেন, বাঁশখালী উপজেলার ১০ থেকে ১২ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড দেব। আগামী চার বছর ধরে এটি চলবে এবং অনেক মা-বোনেরা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।

ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য ছিল, যাতে ভাইদের পাশাপাশি বোনেরাও পরিবারের হাল ধরতে পারেন, স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে পারেন, সন্তানদের লেখাপড়া দেখাশোনা করতে পারেন, স্বাস্থ্যসেবা দিতে পারেন। সেজন্য এই মায়েদের হাত শক্তিশালী করার জন্য এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি।

ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ডেরও ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ডেরও আমরা ব্যবস্থা করেছি।

বাঁশখালীর লবণ চাষিদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই বাঁশখালীতে কিছু লবণ চাষি ভাইয়েরাও আছেন। কৃষকদের পাশাপাশি লবণ চাষিদেরও ফ্যামিলি কার্ড পৌঁছে দেব।

লবণের মূল্য নির্ধারণের বিষয়ে তিনি বলেন, এখানে লবণের মূল্য নির্ধারণের বিষয়ে একটি দাবি এসেছে। আমরা লবণের মূল্য আলোচনা করে নির্ধারণ করেছি, যে মূল্য পেলে লবণ চাষি ভাইরা স্বাবলম্বী হবেন। আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি সবাইকে জানিয়ে দেব। যার ফলে লবণ চাষি ভাইদের আর কষ্ট পেতে হবে না।

 

You may also like

Leave a Comment