সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন, খুলনা বিভাগে ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রংপুর বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে দুইজন রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৪ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।
এদিকে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৩৪৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সর্বশেষ তিনজনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে পৌঁছেছে।
