Home সারাদেশগাজীপুরে পৃথক ঘটনায় একই দিনে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে পৃথক ঘটনায় একই দিনে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

by thedeshbangla
০ comments

গাজীপুর‌ের পূবাইল এলাকায় পৃথক দুটি ঘটনায় একই দিনে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) বিকেল ও সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের শোকের ছায়া ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পৌনে ৫টার দিকে পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও যোগীপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে ঈশা আক্তার (১৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মৃত ঈশা পূবাইলের সোড়ল এলাকার জুয়েল মিয়ার মেয়ে। মাত্র দুই মাস আগে বিয়ে হওয়া ঈশা স্বামীর সঙ্গে ওই ভাড়া বাসায় থাকতেন। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এদিকে, একই দিন সন্ধ্যায় ৪২ নম্বর ওয়ার্ডের মারুকা এলাকা থেকে মরিয়ম আক্তার প্রিয়া (১৯) নামে আরও এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মারুকা এলাকার শাহাজাহানের মেয়ে এবং জিহাদের স্ত্রী। স্থানীয়দের দাবি, পারিবারিক বিষয়ে অভিমান করে প্রিয়া গলায় ফাঁস দিয়েছেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রতিটি ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে পৃথক দুটি অপমৃত্যু মামলা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

You may also like

Leave a Comment