Home খেলামহানাটকীয় ম্যাচে ড্র করে নকআউটে অস্ট্রিয়া-আলজেরিয়া, বিদায় ইরানের

মহানাটকীয় ম্যাচে ড্র করে নকআউটে অস্ট্রিয়া-আলজেরিয়া, বিদায় ইরানের

by thedeshbangla
০ comments

শেষ পর্যন্ত হারল না কোনো দলই। আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের স্কোরলাইন গিয়ে থামল ৩-৩ গোলে। এই দুই দলের ড্রয়ে কপাল পুড়ল ইরানের। বিশ্বকাপ থেকে ছিটকে গেল তারা।

শেষ দিকে ২–২ সমতায় ছিল অস্ট্রিয়া ও আলজেরিয়ার ম্যাচ। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে মনে হচ্ছিল ড্র নিয়েই মাঠ ছাড়বে দুই দল। কিন্তু যোগ করা সময়ের প্রায় শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে আলজেরিয়াকে ৩–২ ব্যবধানে এগিয়ে দেন রিয়াদ মাহারেজ। সেই গোল অস্ট্রিয়াকে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে ঠেলে দেয়।

তবে নাটক তখনও বাকি ছিল। ম্যাচের একেবারে শেষ আক্রমণে হেডে গোল করে অস্ট্রিয়াকে ৩–৩ সমতা এনে দেন সাসা কালাইদজিচ। শেষ মুহূর্তের সেই গোলেই টিকে যায় অস্ট্রিয়ার বিশ্বকাপ স্বপ্ন।

অস্ট্রিয়ার হয়ে বাকি দুটি গোল করেন মার্কো আরনাউটোভিচ ও মার্সেল সাবিৎজার। গ্রুপ ‘জে’তে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পর দ্বিতীয় হয়ে ১৯৮২ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে উঠল তারা। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ স্পেন।

অন্যদিকে, আলজেরিয়ার হয়ে আরেকটি গোল করেন রফিক বেলঘালি। গ্রুপে তৃতীয় হলেও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট নিশ্চিত করেছে আলজেরিয়া। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের নাটকীয় ফলের সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে ইরানকে। অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া—যে কোনো একটি দল জিতলেই সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠত ইরান। কিন্তু কালাইদজিচের শেষ মুহূর্তের সমতাসূচক গোল সেই সম্ভাবনা শেষ করে দেয়। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইরান।

গ্রুপ ‘জি’তে তিনটি ড্র করে ৩ পয়েন্ট পেয়েছিল ইরান। বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর—তিন দলের বিপক্ষেই সমতায় শেষ হয়েছিল তাদের ম্যাচ। শেষ পর্যন্ত সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার আশা জিইয়ে ছিল তাদের। তবে সে জন্য নানা সমীকরণ মেলাতে হতো।

You may also like

Leave a Comment