তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ নেওয়ার মুহূর্তে আবেগে ভেসে উঠেছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। দর্শকাসনে বসে থাকা অবস্থায় তাঁর চোখ ছলছল করে ওঠে—যা ক্যামেরাবন্দি হতেই মুহূর্তটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি বিজয়। এই অনুষ্ঠানে তাঁর বাবা-মা, ঘনিষ্ঠ বন্ধু, দলীয় নেতা এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন, যারা এই ঐতিহাসিক মুহূর্তে তাকে উৎসাহিত করেন। অভিনেত্রী তৃষা কৃষ্ণান, যিনি বিজয়ের কথিত প্রেমিকা, তিনিও উপস্থিত ছিলেন বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে।
শপথের ঠিক পরেই তিনি নিজের সমাজমাধ্যমে অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, “ভালবাসার শব্দ সব সময়েই বেশি জোরালো।” এই এক লাইনের বার্তাই নতুন করে উসকে দিয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা।
সেদিন হালকা আকাশি সিল্কের শাড়ি ও ঘিয়ে রঙের ব্লাউজে, খোঁপায় ফুল আর হালকা গয়নায় তৃষাকে এক অন্যরকম আবেগঘন মুহূর্তে দেখা যায়। অনুষ্ঠানে তিনি তাঁর মা উমা কৃষ্ণনের সঙ্গে উপস্থিত ছিলেন এবং দর্শকাসনে বসে উপভোগ করেন পুরো শপথগ্রহণ পর্ব।
এর আগে সকালে নিজের বাড়ি থেকে বেরোনোর সময়ও তৃষাকে দেখা যায় বেশ শান্ত ও সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায়, “উদগ্রীব হয়ে আছি”—এমনটাই বলেন তিনি। তবে অভিনেত্রী এখনও পর্যন্ত তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে, নির্বাচনের ফল ঘোষণার দিন তৃষার জন্মদিন হওয়ায় সেই দিন তাঁর মন্দিরে যাওয়া নিয়েও অনুরাগীদের মধ্যে আলাদা কৌতূহল তৈরি হয়েছিল—অনেকে মনে করছেন, তা কেবল জন্মদিন নয়, বিশেষ এক শুভকামনার মুহূর্তও ছিল।
