Home খেলাশোক কাটিয়ে বার্সার শিরোপা উৎসব, ক্লাসিকোয় বিধ্বস্ত রিয়াল

শোক কাটিয়ে বার্সার শিরোপা উৎসব, ক্লাসিকোয় বিধ্বস্ত রিয়াল

by thedeshbangla
০ comments

এল ক্লাসিকো শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নয়, স্প্যানিশ ফুটবলের আবেগ, অহংকার আর ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চগুলোর একটি। সেই মঞ্চেই এবার শিরোপা নিশ্চিত করল বার্সেলোনা। রোববার রাতে ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে হ্যান্সি ফ্লিকের দল টানা দ্বিতীয়বারের মতো লা লিগার মুকুট জিতে নিল। মৌসুম শেষ হওয়ার তিন ম্যাচ আগেই ১৪ পয়েন্টের ব্যবধান গড়ে কাতালানরা বুঝিয়ে দিল, এবারের স্পেন শাসন করেছে একমাত্র তারাই।

তবে গত রাতের ম্যাচের গল্প শুধু জয় বা শিরোপার নয়। ম্যাচ শুরুর আগে বার্সা শিবিরে নেমে আসে শোকের ছায়া। কোচ হ্যান্সি ফ্লিক নিজের বাবার মৃত্যুসংবাদ পান ঠিক খেলার আগে। তবু তিনি ডাগআউটে দাঁড়ান। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে দুই দল, কিক-অফের আগে পালন করা হয় এক মিনিট নীরবতা। শোকের সেই মুহূর্ত যেন আরও বেশি একতাবদ্ধ করে বার্সাকে। ম্যাচ শেষে গোলদাতা মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস ছুটে যান ফ্লিকের দিকে- যেন এই জয় কোচের জন্যই।

ম্যাচের শুরু থেকেই বোঝা যায়, শিরোপা উদযাপনের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে বার্সা। মাত্র ৯ মিনিটে ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন গোল করে উৎসবের সূচনা করেন রাশফোর্ড। এরপর ১৮ মিনিটে দানি ওলমোর ব্যাকহিল পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। এর মধ্যেই রিয়ালের রক্ষণ এলোমেলো, মাঝমাঠ বিচ্ছিন্ন, আর আক্রমণভাগ ছিল প্রায় নিষ্প্রভ।

কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি রিয়ালের জন্য বড় ধাক্কা ছিল ঠিকই, কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র কিংবা জুড বেলিংহামও পার্থক্য গড়ে দিতে পারেননি। বার্সার হাই-লাইন ডিফেন্স ভাঙতে গিয়ে বারবার আটকে গেছেন তারা। ম্যাচজুড়ে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারা রিয়ালের হতাশার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। ৬৩ মিনিটে বেলিংহাম বল জালে পাঠালেও অফসাইডে ছিলেন একসঙ্গে পাঁচজন খেলোয়াড়- সেটিই যেন রিয়ালের পুরো রাতের প্রতিচ্ছবি।

অন্যদিকে, বার্সা খেলেছে আত্মবিশ্বাসী চ্যাম্পিয়নের মতো। লামিনে ইয়ামাল, রাফিনিয়া কিংবা জুলস কুন্দে শুরু একাদশে না থাকলেও দলের দাপটে কোনো ঘাটতি পড়েনি। বরং গোলরক্ষক থিবো কোর্তোয়ার কয়েকটি অসাধারণ সেভ না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত।

৬০ হাজারের বেশি দর্শকে ভরা ক্যাম্প ন্যু শেষ বাঁশির আগেই উৎসবের প্রস্তুতি নিতে শুরু করে। খেলা শেষ হতেই মাঠে নেমে আসেন ইয়ামাল, সতীর্থদের সঙ্গে যোগ দেন শিরোপা উদযাপনে। গ্যালারিজুড়ে তখন একটাই সুর- চ্যাম্পিয়নস, চ্যাম্পিয়নস!

এই শিরোপা শুধু আরেকটি লিগ জয় নয়, হ্যান্সি ফ্লিক যুগের বার্সেলোনার আধিপত্যের ঘোষণাও। গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের পর এবারও লিগ ও স্প্যানিশ সুপার কোপা জিতল তারা। লিগে ঘরের মাঠে টানা ১৮ ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছে ফ্লিকের দল। দুই মৌসুমে জার্মান কোচের অধীনে এটি বার্সার পঞ্চম শিরোপা।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের জন্য এই হার আরও গভীর সংকেত হয়ে এলো। টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন থাকার পাশাপাশি ক্লাবজুড়ে বাড়ছে অস্থিরতা। কোচ পরিবর্তনের গুঞ্জনও এখন প্রায় নিশ্চিত বাস্তবতা। মর্যাদার লড়াইয়ে হার, শিরোপা হাতছাড়া এবং মাঠে নিষ্প্রভ পারফরম্যান্স- রিয়ালের সামনে এখন কঠিন প্রশ্নের সময়!

You may also like

Leave a Comment