Home খেলাদ্রুততম ছক্কার সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

দ্রুততম ছক্কার সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

by thedeshbangla
০ comments

রেকর্ডের পিঠে রেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছেন মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। আইপিএলে দ্রুততম সেঞ্চুরিসহ একাধিক রেকর্ডের পর শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন এই তরুণ ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দ্রুততম সময়ে ১০০ ছক্কা মারার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাত্র ৫১৪ বল খেলে ছক্কার সংখ্যাকে তিন অঙ্কের ঘরে নিয়ে গিয়ে গড়েছেন অনন্য এক কীর্তি।

এদিন গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৬ বলে ৩৬ রানের ইনিংস খেলার পথে তিনি মেরেছেন তিনটি ছক্কা। এর সুবাদে আইপিএলের এক মৌসুমে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি ৩০টি ছক্কা মারার রেকর্ড গড়েছেন সূর্যবংশী। ভেঙে দিয়েছেন গত মৌসুমে অভিষেক শর্মার গড়া ২৯টি ছক্কার রেকর্ড। মোহাম্মদ সিরাজের বলে প্রথম বলেই ছক্কা মেরে শুরু করেছিলেন নিজের ব্যাটিং তাণ্ডব।

তবে সূর্যবংশীর এমন বিধ্বংসী ব্যাটিংয়ের দিনে জয়ের দেখা পায়নি তার দল রাজস্থান রয়্যালস। গুজরাট টাইটান্সের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। আগে ব্যাট করতে নেমে গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন (৫৫) ও শুবমান গিলের (৮৪) ব্যাটে ভর করে দুইশ ছাড়ানো সংগ্রহ গড়ে গুজরাট।

২৩০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং ধসের শিকার হয় রাজস্থান রয়্যালস। রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকতে পারেননি রাজস্থানের ব্যাটাররা। রশিদ ৪ ওভারে ৩৩ রান খরচায় ৪ উইকেট তুলে নিলে রাজস্থান ১৫২ রানেই অলআউট হয়ে যায়। এছাড়া জেসন হোল্ডারও দারুণ বল করে ২.৩ ওভারে ১২ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। ফলে ব্যক্তিগত রেকর্ডের দিনে দলীয় পরাজয়ের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তরুণ বৈভব সূর্যবংশীকে।

You may also like

Leave a Comment