Home আইন-আদালততাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

by thedeshbangla
০ comments

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেবেন। অভিযোগ গঠন করা হলে এই মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে।

এর আগে গত ৭ মে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার দিন ধার্য ছিল, তবে আদালত তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন। এ মামলার ২৬ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেন প্রসিকিউশন ও আসামিপক্ষ। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ তুলে ধরা হয়।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ট্রাইব্যুনালকে জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপ এবং ভিডিও ফুটেজে অন্যান্য আসামিদের উপস্থিতির মাধ্যমে তাদের সংশ্লিষ্টতার পর্যাপ্ত প্রমাণ রয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগের বিরোধিতা করে মক্কেলদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। তারা দাবি করেন, এ ধরনের অপরাধ মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং এই অপরাধ বিচারের জন্য দেশে পৃথক আইন রয়েছে।

এ মামলায় গ্রেপ্তার রয়েছেন চারজন—নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। এছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জনকে হত্যার ঘটনায় এই মামলাটি করা হয়। প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ রয়েছে।

You may also like

Leave a Comment