ফরিদপুর শহরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় আফ্রিদি সরদার (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ওই ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২১ জানুয়ারি) সকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, আফ্রিদি ফরিদপুর শহরের চকবাজার মহল্লার আবু বক্কর সরদারের ছেলে।
পুলিশ জানায়, রবিবার (১৮ জানুয়ারি) শহরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে একজনকে থামিয়ে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। পরে ছিনতাইয়ের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা করে ভুক্তভোগী। এরপর ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে আফ্রিদি নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া আফ্রিদি সরাসরি ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।’
এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
