চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক। স্থাবর-অস্থাবর মিলিয়ে এনামের মোট সম্পদের পরিমাণ ৪৪ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার ৫০৩ টাকা। কিন্তু দুটি ব্যাংকে তার ঋণ রয়েছে ১২১ কোটি ১৫ লাখ ৭২ হাজার ২০৩ টাকা। যা তার মোট সম্পদের প্রায় তিনগুণ।
পেশায় ব্যবসায়ী এনামের বার্ষিক আয় ৮১ লাখ ৭৮ হাজার ৬২২ টাকা। তার ওপর নির্ভরশীল স্ত্রী ও দুই পুত্রের কোনো আয় নেই। তবে স্ত্রী কাছে রয়েছে ১৫ লাখ ৬০ হাজার টাকা দামের গাড়ি। গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
হলফনামায় তিনটি উৎস থেকে বার্ষিক আয় দেখিয়েছেন এনামুল হক। এর মধ্যে কৃষি খাত থেকে আয় দেখিয়েছেন ৭২ হাজার ৭২০ টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান থেকে ভাড়া পান ২৩ লাখ ৮৬ হাজার ৪৪২ টাকা এবং ব্যবসা থেকে আয় দেখিয়েছেন ৫৭ লাখ ১৯ হাজার ৪৬০ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে এনামের কাছে নগদ আছে এক কোটি ৬ লাখ ৪২ হাজার ৫১৩ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১৯ হাজার ১৬৩ টাকা, বন্ড, ঋণপত্র, স্টক একচেঞ্জে শেয়ার ৫০ হাজার, ৩১ লাখ ৩০ হাজার দামে একটি জিপ গাড়ি ও ১১ লাখ ৭০ হাজার টাকা দামের একটি ট্রাক, ১০ হাজার টাকা দামের স্বর্ণালংকার, ৭ হাজার টাকার আসবাবপত্র, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ১০ হাজার টাকা। সব মিলিয়ে এনামুল হকের অস্থাবর সম্পদ রয়েছে ২ কোটি ৫৬ লাখ ৬১ হাজার ১৮৯ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছেÑ ২০ হাজার টাকা মূল্যের ২ একর কৃষি জমি, ২০ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার ৬৫০ টাকা মূল্যের অকৃষি জমি, ৩ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৮৬ টাকা মূল্যের আবাসিক ও বাণিজ্যিক ভবন, ৫ কোটি ৬৩ লাখ ৬৫ হাজার ৮৬ টাকা মূল্যের পাঁচটি ফ্ল্যাট ও পাঁচটি দালান। মোট স্থাবর সম্পদের বর্তমান বাজার মূল্য দেখিয়েছেন ৪২ কোটি ৩ লাখ ৪ হাজার ৩১৪ টাকা।
ওয়ান ব্যাংক পিএলসিতে ব্যবসায়িক দেনা রয়েছে ৬৭ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ২৮৬ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে দেনার পরিমাণ ৫৩ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার ৯২৭ টাকা। তবে স্ত্রী ও নির্ভরশীলদের নামে কোনো ঋণ নেই। অতীতে কখনও সংসদ সদস্য নির্বাচিত হননি বলে উল্লেখ করেছেন। হলফনামায় মোট ৩২টি ফৌজদারি মামলার বিবরণ দিয়েছেন তিনি।
