আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকে চমক দেখিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা তাসনিম জারা। প্রথমে এনসিপির প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নির্বাচন ব্যয় মেটানোর জন্য অনুদান সংগ্রহের ঘোষণা দেন তরুণ এই চিকিৎসক। ঘোষণার পর মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা জমা হওয়ার তথ্য দেন।
নির্বাচনী ব্যয় মেটানোর মতো অর্থ না থাকার ঘোষণা দিলেও ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামা থেকে পাওয়া তথ্যানুযায়ী তাসনিম জারার দেশ ও বিদেশ থেকে বছরে আয় দেখিয়েছেন ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা। তার হাতে সম্পদ রয়েছে ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকার। অন্যদিকে তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক
বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড (প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা, প্রতি পাউন্ড ১৬৪.৬৮৭৫ টাকা ধরে)। তার স্বামীও এনসিপি থেকে পদত্যাগ করেছেন। খালেদ সাইফুল্লাহ এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার আগে একটি ছাত্রসংগঠের সঙ্গে জড়িত ছিলেন।
হলফনামার তথ্যানুযায়ী ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার বাংলাদেশে বার্ষিক আয় ৭ লাখ টাকার বেশি। এ ছাড়া তিনি বিদেশি আয় হিসেবে ৩,২০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ২৭ হাজার, প্রতি পাউন্ড ১৬৪. ৬৮৭৫ টাকা ধরে) ঘোষণা করেছেন।
পেশা হিসেবে জারা উল্লেখ করেছেন চিকিৎসক, শিক্ষকতা ও উদ্যোক্তা। শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার স্বামী খালেদ সাইফুল্লাহর পেশা উল্লেখ করা হয়েছে উদ্যোক্তা, গবেষক। তিনি ঢাকার খিলগাঁও এলাকার চৌধুরীপাড়ার বাসিন্দা।
হলফনামায় আরও বলা হয়েছে, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। চাকরি থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। তার ব্যাংক সঞ্চয় খুবই কম; ব্যাংকে জমা রয়েছে মাত্র ২৬৪ টাকা।
ঘোষণায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার কোনো ঋণ, দায় বা সরকারি বকেয়াও নেই। তিনি কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমির মালিক নন। তার ঘোষিত গহনার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা। নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ১৬ লাখ টাকা এবং ২ হাজার ২৭০ পাউন্ড। এ ছাড়া তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা আছে ১০ হাজার ১৯ টাকা। তার স্বামী খালেদ সাইফুল্লাহর নগদ ১৫ লাখ টাকা এবং ৬,০০০ পাউন্ড রয়েছে।
সাবেক এনসিপি নেতা তাসনিম জারার জন্ম ৭ অক্টোবর ১৯৯৪ সালে। তার মায়ের নাম আমেনা আখতার দেওয়ান এবং বাবার নাম ফখরুল হাসান।
