সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তার দায়িত্বকালে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে কখনোই ব্যবহার করা হয়নি। তিনি দাবি করেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ কেউ প্রমাণও করতে পারবে না, এমনকি বলতেও পারবে না।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাবর বলেন, জনগণের জানমাল রক্ষার প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন। দায়িত্ব পালনে প্রয়োজনীয় যে কোনো সিদ্ধান্তে তিনি পূর্ণ সমর্থন দিতেন। তিনি বলেন, “আমি যে সিদ্ধান্ত নিয়েছি, সেসব ক্ষেত্রে তিনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়েছেন।”
তিনি আরও বলেন, অন্যায় করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পেত না—আইনের প্রশ্নে কোনো ধরনের পক্ষপাত দেখানো হয়নি।
খালেদা জিয়াকে একজন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ নেত্রী হিসেবে উল্লেখ করে বাবর বলেন, দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে কাজ করার সুবাদে তিনি তার দেশপ্রেম ও নেতৃত্বগুণ কাছ থেকে দেখেছেন।
কবর জিয়ারত প্রসঙ্গে বাবর জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং ব্যক্তিগত আবেগ থেকেই তিনি এখানে এসেছেন।
