Home সারাদেশস্ত্রীসহ বিপ্লব কুমার সরকারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রীসহ বিপ্লব কুমার সরকারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

by The Desh Bangla
০ comments

‎ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের ২৮ টি ব্যাংক হিসাব ও দুটি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুর্নীতির অভিযোগ থাকায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দিয়েছেন। 

‎দুদকের সহকারী পরিচালক রাসেল রনি ব্যাংক হিসাব ও বিও হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। 

‎আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে জানা যায়, বিপ্লব কুমার সরকার ও অন্যান্যদের বিরুদ্ধে সরকারি চাকুরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা ও নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। বিপ্লব কুমার সরকার ও হোসনেয়ারা বেগমের নামে ব্যাংক ও বিও হিসাবসমূহ থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চলছে। এসব সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। এজন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ১৪ অনুযায়ী ছকে উল্লিখিত ব্যংক ও বিও হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। 

‎এর আগে গত ৯ ডিসেম্বর বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার ও হোসনেয়ারার বোন শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।

You may also like

Leave a Comment