Home বাংলাদেশহাদিকে গুলির ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে

হাদিকে গুলির ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে

by Akash
০ comments

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও তিনজন সন্দেহভাজনকে আটক করেছে র‍্যাব। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন—ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী সামিয়া, তার বন্ধু মারিয়া এবং শ্যালক শিপু।

র‍্যাব সূত্র জানায়, অভিযুক্ত ফয়সাল করিমের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। র‍্যাবের একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযানে রাজধানী ঢাকা থেকে একজন এবং নারায়ণগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, ওসমান হাদিকে গুলি করার আগে ও ঘটনার পরেও ফয়সাল করিম এই তিনজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। ঘটনার আগের রাতে ফয়সাল তার স্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জে অবস্থান করেন এবং ভোরে ঢাকার উদ্দেশে রওনা দেন। ঢাকায় পৌঁছে তিনি তার বন্ধু মনিকার বাসায় যান।

You may also like

Leave a Comment