চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়াহাট পৌর সদরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তাহমিদ উল্লাহ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি বুধবার রাতের দিকে ঘটে।
নিহত তাহমিদ উল্লাহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও নিরাপদ সড়ক চাই-মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে উল্লেখ করেছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক গণমাধ্যমকে জানান, রাতে বারৈয়াহাট পৌরসদরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় তাহমিদ আহত হন। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার নিশ্চিত করেন যে, তাহমিদের গায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, পূর্ব বিরোধের কারণে দুই পক্ষ পৌরসভায় একটি চায়ের দোকানে বৈঠকে বসেছিল। সেখানে সিনিয়রের সামনে একজন জুনিয়রের পা তুলে বসার ঘটনা উত্তেজনা সৃষ্টি করে। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়দের মতে, সংঘর্ষে জড়ানো দুই পক্ষই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং এই হত্যাকাণ্ডের মূল কারণ তাদের মধ্যকার পুরনো বিরোধ।