Home সারাদেশস্বাস্থ্য অধিদপ্তরের ডিজি’র সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব বর্মণকে পদে পুনর্বহাল

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি’র সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব বর্মণকে পদে পুনর্বহাল

by The Desh Bangla
০ comments

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে তাঁর আগের দায়িত্বে বহাল করা হয়েছে। বুধবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌসের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে পুনর্বহাল করা হয়।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘‘এই আদেশ বুধবার থেকেই কার্যকর হয়েছে।’’

গত ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে একটি সেমিনারে যোগ দিতে এসে হাসপাতাল পরিদর্শনে যান। ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার (ওটি) দেখার সময় তিনি একটি টেবিল কক্ষে কেন রাখা হয়েছে, তা জানতে চাইলে ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব চন্দ্র বর্মণের সঙ্গে তাঁর তর্কের সৃষ্টি হয়।

ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণের দায়ে হাসপাতাল পরিচালক ধনদেব বর্মণকে শোকজ করেন এবং তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেন।

পরবর্তীতে ডা. ধনদেব বর্মণ লিখিত জবাবে অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করেন। স্বাস্থ্য অধিদপ্তরে তাঁর জবাব পাঠানোর পর তা ‘সন্তোষজনক’ বিবেচিত হয়।

পুনর্বহালের আদেশে উল্লেখ করা হয়, মহাপরিচালকের উদারতা ও মহানুভবতায় ডা. ধনদেবকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে এবং তাঁকে পূর্বের দায়িত্ব ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ পদে বহাল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. ধনদেব চন্দ্র বর্মণ বলেন, ‘‘কর্তৃপক্ষ আমাকে পূর্বের পদে বহাল করেছেন। আমি কাজ শুরু করেছি।’’ তিনি সাংবাদিকদের উদ্দেশে পজিটিভ তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরেন।

You may also like

Leave a Comment