মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী নগদ ক্রয় চুক্তি (জি-টু-জি-০১) এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম নিয়ে এমভি লোল্যান্ডস প্যাট্রাশ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
সরকার টু সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্তের অংশ হিসেবে এটি চতুর্থ চালান। এর আগে প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন (২৫ অক্টোবর), দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন (৩ নভেম্বর) এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম (১৫ নভেম্বর) দেশে আসে।
চুক্তির আওতায় এখন পর্যন্ত চারটি চালানে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছেছে।
চট্টগ্রাম বন্দরে পৌঁছানো নতুন চালানের গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।