Home সারাদেশপেরুতে নদী বন্দরে ভয়াবহ ভূমিধস, নৌকাডুবিতে নিহত অন্তত ১২, নিখোঁজ ৫০

পেরুতে নদী বন্দরে ভয়াবহ ভূমিধস, নৌকাডুবিতে নিহত অন্তত ১২, নিখোঁজ ৫০

by The Desh Bangla
০ comments

পেরুর মধ্যাঞ্চলের ইপারিয়া নদী বন্দরে ভয়াবহ ভূমিধসের ঘটনায় নোঙর করা দুটি নৌকা ডুবে গিয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন, আর প্রায় ৫০ জন এখনও নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ ও দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দিনার বরাত দিয়ে জানানো হয়েছে, উকায়ালি অঞ্চলের আমাজন জঙ্গলের ভেতরে অবস্থিত ইপারিয়া নদী বন্দরে আকস্মিক ভূমিধসে নৌকাদ্বয় ডুবে যায়। নৌকাগুলোতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পেরু নৌবাহিনীর ক্যাপ্টেন জোনাথন নভোয়া টেলিফোনে এএফপিকে বলেন, উদ্ধারকাজে ইতোমধ্যে অন্তত ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ২৫ জনের মতো, আর প্রায় ৪০ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনাস্থলে জড়ো হওয়া স্বজনদের কাছ থেকে নিখোঁজদের সঠিক সংখ্যা শনাক্তের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেল ইউটিভি নোটিসিয়াসের প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ডুবে যাওয়া নৌকাগুলোর মালামাল ও লাগেজ নদীর পানিতে ভেসে যাচ্ছে, আর হতভম্ব মানুষজন নদীর তীরে দৌড়াদৌড়ি করছেন। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন এবং নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার চেষ্টা করছেন।

তথ্যসূত্র : বিবিসি

You may also like

Leave a Comment