Home আন্তর্জাতিকবৈরুতে ইসরায়েলি বিমান হামলা: হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তাবাতাবাই নিহত

বৈরুতে ইসরায়েলি বিমান হামলা: হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তাবাতাবাই নিহত

by Akash
০ comments

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়সম আলী তাবাতাবাই নিহত হয়েছেন। রোববার দাহিয়েহ এলাকার একটি হিজবুল্লাহ নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট ভবনে চালানো হামলায় তাবাতাবাইসহ অন্তত পাঁচজন নিহত হন। পরে সংগঠনের বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাবাতাবাই হিজবুল্লাহর সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী তাকে “নিষ্ক্রিয়” করার দাবি করে জানায়, হামলার লক্ষ্যই ছিলেন তাবাতাবাই। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত বছরের যুদ্ধের পর থেকে এটি ছিল তাকে হত্যার তৃতীয় প্রচেষ্টা।

হামলার বিষয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি বলেছেন, এই হামলা “রেড লাইন অতিক্রম করেছে” এবং এর ফলে লেবাননে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে। প্রতিক্রিয়া জানানো হবে কি না—তা নিয়ে সংগঠনের নেতৃত্ব এখন আলোচনা করছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় ২৮ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএএ জানিয়েছে, হারেত হ্রেইক এলাকার আল-আরিদ স্ট্রিটে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে গাড়ি, পার্কিং এলাকা এবং পাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষতি হয়েছে।

বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর জানান, ইসরায়েলি আগ্রাসন আরও বাড়তে পারে বলে লেবাননে উদ্বেগ বিরাজ করছে। তার মতে, হিজবুল্লাহ এখন কঠিন অবস্থায় রয়েছে—জবাব দিলে বড় ধরনের হামলার ঝুঁকি, না দিলে দুর্বলতার সংকেত যেতে পারে।

নিরাপত্তা বিশ্লেষক আলি রিজক মনে করেন, হিজবুল্লাহ পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে চাইবে না, কারণ তা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি করবে এবং লেবাননের ক্ষতি বাড়াবে।

১৯৬৮ সালে বৈরুতে জন্ম নেওয়া তাবাতাবাইয়ের মা লেবানিজ ও বাবা ইরানি। ১২ বছর বয়সে তিনি হিজবুল্লাহতে যোগ দেন এবং ধীরে ধীরে সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

You may also like

Leave a Comment