সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান। তিনি জানান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন।
গত বছর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনায় অংশ নেওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্রথমবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন খালেদা জিয়া। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর ছিল তার শেষ জনসমক্ষে উপস্থিতির ঘটনা।
এবারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।