পাবনার আটঘরিয়ার ডেঙ্গাগ্রাম চৌরাস্তা মোড়ে মিনি ড্রাম ট্রাকের চাপায় এক সিএনজি আরোহীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সিএনজি ও মিনি ট্রাক জব্দ করে পুলিশ থানায় নিয়েছে।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, দেবোত্তর থেকে খোয়া বোঝাই একটি মিনি ড্রাম ট্রাক একদন্তের উদ্দেশে রওনা দেয়। একই সময় ধানুয়াঘাটা থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি ডেঙ্গাগ্রাম বাজার চৌরাস্তা মোড়ে পৌঁছালে ট্রাকটি সিএনজিটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন বাদাল এলাকার সাইদুল ইসলামের ছেলে সাহাদুল হোসেন (৩৮), ঈশ্বরদীর সাহা গোপালপুর এলাকার নিজাম উদ্দীনের ছেলে সিএনজি চালক জীবন (২২) এবং আরও একজন যাত্রীর পরিচয় জানা যায়নি।
গুরুতর আহত অবস্থায় সাহাদুল হোসেনকে পাবনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।