Home সারাদেশলোকাল ট্রেনের বগিতে গানপাউডার দিয়ে আগুন

লোকাল ট্রেনের বগিতে গানপাউডার দিয়ে আগুন

by Akash
০ comments

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ সময় আনসার সদস্যদের ধাওয়ায় নাশকতাকারীরা পালিয়ে যায়।

বুধবার (১৯ নভেম্বর) ভোরে ময়মনসিংহ রেল স্টেশনের ওয়াশপিটে এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের লাগানো আগুনে ট্রেনটির একটি বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে গেছে। এছাড়াও, অন্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখতে দেখা যায়, যা একটি বড় ধরনের নাশকতার পরিকল্পনার ইঙ্গিত দেয়।

ময়মনসিংহ রেল স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, “রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক সাহসী ভূমিকার ফলে দুর্বৃত্তদের অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। বর্তমানে ময়মনসিংহ জংশন রেলস্টেশনের ট্রেন চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

ময়মনসিংহ সিআরপি থানার ওসি আখতার হোসেন জানান, স্টেশন প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। রাতের অন্ধকারে এই সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত নাশকতার উদ্দেশে ভোরে গানপাউডার এবং পেট্রোল ব্যবহার করে ট্রেনে আগুন দেয়। বিষয়টি টের পাওয়ায় আনসার সদস্যদের ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ওসি আরও বলেন, বর্তমানে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে নাশকতা চেষ্টার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment