ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে বুধবার (১৯ নভেম্বর) ভোরে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাজারটির একটি দোতলা ভবনের দোতলায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে আসা দুইজন দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। বোমাটি ভবনের দেয়ালে লেগে ভেঙে যায় এবং পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে আগুন লেগে যায়।
এ ঘটনার সিসিটিভি ফুটেজেও পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা গেছে।
ঘটনাটি দেখতে পেয়ে নৈশপ্রহরী ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাজারের নৈশপ্রহরী সেলিম মিয়া জানান, বিকট শব্দ শুনে তিনি আগুন দেখতে পান এবং দ্রুত লোকজনকে ডেকে আনেন।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখার মধ্যে পাঁচটি ভাড়া বাসায় কার্যক্রম চালাচ্ছে। সেগুলোর নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে নিয়মিত তদারকি রয়েছে।
ওসি বলেন, “আজকে রাত সাড়ে ৪টার দিকে সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।