Home সারাদেশগাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতাসহ দুই বাড়িতে লুট, গোয়ালঘর থেকে চুরি হলো ৫ গরু

গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতাসহ দুই বাড়িতে লুট, গোয়ালঘর থেকে চুরি হলো ৫ গরু

by The Desh Bangla
০ comments

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে রবিবার (৯ নভেম্বর) রাতে চুরির একাধিক ঘটনা ঘটেছে। শিরিশগুড়ি গ্রামের দুটি বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করা হয়েছে। একই রাতে বারতোপা গ্রামের এক কৃষকের গোয়ালঘর থেকে তালা কেটে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে মাওনা ইউনিয়ন বিএনপির সদস্য আলী আকবরের শিরিশগুড়ি গ্রামের বাড়িতে তালা কেটে প্রবেশ করে চোরেরা। বিএনপি নেতা আলী আকবর জানান, তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

এরপর চোরেরা একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাইসুলের বাড়িতে হানা দেয় এবং একই কায়দায় দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে। অপর ভুক্তভোগী রাইসুল জানান, তার বাড়ি থেকে নগদ টাকা ও কাপড়সহ মূল্যবান সামগ্রী লুট করে চোরেরা।

কৃষকের ৫ গরু চুরি এদিকে, মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের কৃষক আব্দুল কাশেমের গোয়ালঘরে তালা কেটে পাঁচটি গরু চুরি করে পিকআপে করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা। চুরি হওয়া গরুগুলোর মধ্যে তিনটি গাভি ও দুটি ষাঁড় ছিল।

কৃষক আব্দুল কাশেম বলেন, ভোর ৪টার দিকে তিনি ঘুম থেকে উঠে গরুগুলোর খোঁজ নেন এবং কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৪টার দিকে উঠে দেখেন গোয়ালঘরে একটি গরুও নেই। পরে খোঁজ নিয়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, কিছুক্ষণ আগেই একটি পিকআপে গরুগুলো ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, “পাঁচটি গরুই ছিল আমার সব। এখন আমি একেবারে নিঃস্ব। আমি চাই, চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”

মাওনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমীন এই ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে বলেন, “মাঝেমধ্যেই এমনভাবে পিকআপে করে গরু চুরির ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনের উচিত রাতে টহল ও নজরদারি বাড়ানো।”

শ্রীপুর থানার চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “ভুক্তভোগী কৃষক লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চোরদের শনাক্তে আমরা ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছি।”

You may also like

Leave a Comment