রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় দলটির নেতাকর্মীরা হামলাকারীদের একজনকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এনসিপি কার্যালয়ের সামনে এই ককটেল হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন যে, তিনি ৫,০০০ টাকার বিনিময়ে এই হামলা চালান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ আটক যুবকের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক সাংবাদিকদের জানান, এনসিপির কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, এর আগেও গত জুন-জুলাই মাসের দিকে এনসিপি কার্যালয় লক্ষ্য করে কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। কিছু ঘটনায় দলের কর্মী-সমর্থকরা আহতও হয়েছিলেন।